প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে রাতের অন্ধকারে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার ছাড়া অন্যদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধাঁরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট